খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে।
ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি এবং আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়। একই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম আসে আলভী হোসেনের।
তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতেই জেলা শহরের দিয়ার ধানগড়া মহল্লা থেকে আলভী হোসেনকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, “যে সংগঠন বর্তমানে নিষিদ্ধ এবং যার শীর্ষ নেতৃত্ব পলাতক, তাদের কমিটি ঘোষণা নিছকই হাস্যকর। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে থাকায় শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা দেখিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা।”
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আলভীকে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন