খবর ২৪ ঘন্টা , ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী রাফি। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন উপজেলার বিনাউটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি -এর দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাহাদ তার সহপাঠী জিহাদ ও রাফিকে নিয়ে একই গ্রামের আরেক সহপাঠী বোরহান মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলে তারা বাড়ির পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ফাহাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একই সঙ্গে তার সহপাঠী রাফিও আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ফাহাদকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য -এ ভর্তি করা হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা আক্তার জানান, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাহাদকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, মেধাবী শিক্ষার্থী ফাহাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক ও হতবিহ্বলতা।
মন্তব্য করুন