খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৫টি ইটভাটার বিরুদ্ধে মোট ১১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার চড়িয়াশিকার ও রাণীনগর এবং রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তুহিন আলম। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযানে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে—
মেসার্স সুফিয়া ব্রিকস, চড়িয়াশিকার, উল্লাপাড়া – ২ লাখ টাকা জরিমানা
মেসার্স রুহি ব্রিকস, রাণীনগর কামারখালী, উল্লাপাড়া – ২ লাখ টাকা জরিমানা
মেসার্স রাণীনগর ব্রিকস (এমআরএনবি), উল্লাপাড়া – ১ লাখ টাকা জরিমানা
মেসার্স আশা ব্রিকস, রাণীনগর, উল্লাপাড়া – ৫ লাখ টাকা জরিমানা
মেসার্স তানজিলা ব্রিকস, বিলচন্ডী, রায়গঞ্জ – ১ লাখ টাকা জরিমানা ও কিলন ভাঙা হয়
মেসার্স তানজিলা ব্রিকসের গ্যাস নির্গমনের কারণে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা পরবর্তীতে অভিযান পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশবিধি লঙ্ঘনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন