খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোছা. আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনিয়া ওই এলাকার বাসিন্দা শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুনিয়া। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে মুনিয়া একটি চিরকুট লিখে রেখে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে পরিবার বা পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন