reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 জুন 2026 ইং
১১০ বার পড়া হয়েছে

আলমপুর সড়কেই পশু জবাই, রক্ত-বর্জ্যে জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের অন্যতম ব্যস্ততম কাঠেরপুল-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের আলমপুর অংশটি যেন এখন উন্মুক্ত কসাইখানায় পরিণত হয়েছে। প্রতিদিন প্রকাশ্য দিবালোকে প্রধান সড়কের ওপর পশু জবাই এবং রক্ত-বর্জ্য ফেলে রাখার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহন আরোহীরা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার সুযোগে দীর্ঘদিন ধরে সড়কের ওপরই চলছে এই অস্বাস্থ্যকর ও অবৈধ কর্মকাণ্ড।

সোমবার (১ জুন) ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আলমপুর বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কের একটি বড় অংশ দখল করে প্রতিদিন সকাল থেকেই পশু জবাই করা হচ্ছে। জবাই শেষে পশুর রক্ত, চামড়া, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য সরাসরি সড়ক ও পাশের খালে ফেলে রাখা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সামান্য বাতাসেই দুর্গন্ধ আশপাশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে।

ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে। রাস্তায় জমে থাকা রক্ত ও বর্জ্যের কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মোটরসাইকেল, অটোরিকশা কিংবা ভ্যান চলাচলের সময় নোংরা পানি ছিটকে পথচারীদের শরীর ও পোশাকে লাগছে।

স্থানীয় পথচারী আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা দিয়ে হাঁটার কোনো পরিবেশ নেই। নাকে রুমাল দিয়েও দুর্গন্ধ ঠেকানো যায় না। পশুর রক্ত আর নোংরা মাড়িয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।”

স্থানীয়দের অভিযোগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়মিত এই সড়ক ব্যবহার করলেও বিষয়টি যেন তাদের নজরেই আসছে না। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে সড়কের ওপর পশু জবাই চললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়নি। ফলে কসাইরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সচেতন মহলের মতে, সড়কের ওপর এভাবে পশু জবাই শুধু পরিবেশ দূষণই নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। পশুর বর্জ্য থেকে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে রোগব্যাধির ঝুঁকি বাড়ছে। তারা অবিলম্বে নির্দিষ্ট স্থানে কসাইখানা স্থানান্তর এবং সড়কের ওপর পশু জবাই বন্ধের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, “কে কোথায় কসাইখানা করেছে, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের দায়িত্ব হলো জবাইকৃত পশুর স্বাস্থ্য পরীক্ষা করা।” তবে জবাইকৃত পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা হচ্ছে কি না—এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, “পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি করে সড়ককে কসাইখানা হিসেবে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সড়কের ওপর পশু জবাই বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ফিরিয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০