খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. ইউনুস খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই দিনে মাদক সেবনের দায়ে এলাল উদ্দিন (৫৫) নামে অপর এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম।
অভিযানকালে ইউনুস খানের বসতঘর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়। পরে পোটলা দুটি খুলে প্রতিটিতে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার ইউনুস খান নরনারায়নপুর গ্রামের মৃত আছির খান ও মৃত খোদেজা খাতুনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার বৌলাম গ্রামে এলাল উদ্দিনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। এলাল উদ্দিন বৌলাম গ্রামের মৃত শহর আলীর ছেলে।
পরে ঘটনাস্থলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে এলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আইনে ইউনুস খানকে গ্রেফতার দেখিয়ে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন