খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত ও স্ত্রীকে হারানো মন্টু বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামের ব্যবসায়ী মন্টু বিশ্বাসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘরসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
এ সময় মন্টু বিশ্বাসের স্ত্রী শিউলি রাণী বিশ্বাস (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারানোর পর স্ত্রীকেও হারিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে। একসঙ্গে বসতবাড়ি ও স্বজন হারিয়ে পরিবারটির দুর্দশার খবর স্থানীয় প্রশাসনের নজরে আসে।
সহায়তা প্রদানকালে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সংসদ সদস্য মহোদয়ের পরামর্শে প্রাথমিকভাবে ঘর তোলার প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। পরবর্তীতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে।
মন্তব্য করুন