খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী গ্রামের চাঁদপাড়ার একমাত্র চলাচলের সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়, ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামপাঙ্গাসী গ্রামের প্রবেশের চারটি সড়কই কাঁচা। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা, পানি ও ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর খোঁজখবর নেন না। বিগত প্রায় ১০ বছর ধরে এলাকাবাসী সড়ক সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকার কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় কাদায় পা পিছলে পড়ে গিয়ে পোশাক নষ্ট হয় এবং বই-খাতাও ক্ষতিগ্রস্ত হয়। এতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে নানা ভোগান্তির শিকার হতে হয় তাদের।
স্থানীয় কৃষকরাও জানান, কৃষিপণ্য বাজারে নিতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষা মৌসুমে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে, ফলে উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বিক্রি করাও কঠিন হয়ে যায়।
এমতাবস্থায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া ও কারিগরপাড়ার প্রবেশের একমাত্র চলাচলের সড়ক দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে গ্রামের শতাধিক পরিবার।
মন্তব্য করুন