খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় শ্রী রাম মন্দির নির্মাণে বাধা এবং শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় চান্দাইকোনা বাজারের সোস্যাল ব্যাংক বাসস্ট্যান্ড চত্বরে উপজেলার শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. চন্দন কুমার সরকার এবং সঞ্চালনা করেন শ্রী রাম সরকার বিপ্লব। বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীতে মন্দির নির্মাণে বাধা ও শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সকলের ধর্মীয় অধিকার নিশ্চিত করার স্বার্থে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রয়োজন।
কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন