খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত নাছার আলী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ি থেকে চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে বের হন নাছার আলী। পথে চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার দিকে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। যে মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন, সেখানে আর যাওয়া হয়নি তাঁর।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি মহাসড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, মহাসড়কের আন্ডারপাস এলাকায় নিরাপদে চলাচল নিশ্চিত করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত এক মুরব্বির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানা পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটির চালক ও যানবাহনটি শনাক্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন