খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় অনিয়মের দায়ে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি উঠে আসে। এ ছাড়া বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্রসংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়।
পরে বাজারের বিভিন্ন দোকানে ফল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানে রায়গঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)-এর সদস্যরা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন