খবর ২৪ ঘন্টা , ডেস্ক
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সঠিক ধারণা রাখা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন