মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর বেলকুচি উপজেলায় ৮৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দেবে পুলিশের মোবাইল টিম।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুটি মোবাইল টিম কাজ করবে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব কিংবা উসকানিমূলক বার্তার মাধ্যমে যাতে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না হয়, সে জন্য সাইবার মনিটরিং টিমও নজরদারি চালাবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায় বলেন, “সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এবার আরও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “নিরাপত্তা জোরদারের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে প্রতিমা দর্শন এবং পূজা-অর্চনায় অংশ নিতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে ধর্মীয় উৎসবটি উদ্যাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব। আশা করছি, সবার অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে পূজা উৎসব সম্পন্ন হবে।”
মন্তব্য করুন