খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার বনানী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় আরকে পরিবহনের একটি গাড়ির ধাক্কায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের রিপন কুমার কর (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বগুড়া বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রিপন কুমার কর দিনাজপুরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বগুড়া বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সড়ক পার হওয়ার সময় একটি আরকে পরিবহনের গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপন কুমার কর রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে যান। পরে হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চান্দাইকোনা কেন্দ্রীয় মহাশ্মশানে নিহত রিপন কুমার করের শেষকৃত্য সম্পন্ন করা হবে। বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
মন্তব্য করুন