খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় বৃদ্ধা জহুরুয়া বেওয়ার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি মো. একরামুল হক, গণমাধ্যমকর্মী ও খোলা বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক মো. সাইদুল ইসলাম আবির, খোলা বার্তার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. হৃদয় আহম্মেদ লিমন এবং পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস প্রমুখ।
জানা যায়, জহুরুয়া বেওয়া রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকার বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর একাকী জীবনযাপন করছেন তিনি। চোখে ছানি পড়ায় দৃষ্টিশক্তি কমে গেছে। এর মধ্যে হঠাৎ পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাফেরার সক্ষমতাও হারিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহায়তার অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।
গত ৮ নভেম্বর তাঁর অসহায়ত্ব ও চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জলের নজরে আসে। পরে তিনি বৃদ্ধার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার দেওয়ার উদ্যোগ নেন। তাঁর পাঠানো হুইলচেয়ারটি রোববার মানবিক টিমের সদস্যরা জহুরুয়া বেওয়ার হাতে তুলে দেন।
হুইলচেয়ার পেয়ে কিছুটা স্বস্তি ফিরবে বৃদ্ধার চলাফেরায়। তবে শুধু হুইলচেয়ারই তাঁর কষ্টের অবসান ঘটাতে যথেষ্ট নয়। চোখের ছানি অপারেশন, মেরুদণ্ডের চিকিৎসাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন জরুরি।
অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে হুইলচেয়ার উপহার দেওয়ায় মুহা. নুরুল ইসলাম উজ্জলের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে জহুরুয়া বেওয়ার চিকিৎসার দায়িত্ব নিতে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
মন্তব্য করুন