খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
সোমবার (২৩ নভেম্বর) তিনি উপজেলার স্বপ্নদশাল ব্রিজ-পশ্চিম ছালিপুরা ফেরিঘাট সড়ক উন্নয়ন এবং নেত্রকোনা-মোহনগঞ্জ আরএইচডি সড়ক থেকে কদমদেউলি মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এ ছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম এবং উপজেলা পরিষদ হলরুমে রুরাল রোড মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় উপকারভোগী নির্বাচনের লটারি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
লটারির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৭০ জন দুস্থ নারী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহসভাপতি আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন