খবর ২৪ ঘন্টা , ডেস্ক
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বমধুরাপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেনের চাচাতো ভাই আশরাফুল কয়েকজনকে মাদকদ্রব্য বিক্রিতে নিষেধ করায় তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আশরাফুলকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে সুলতান হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করা হয়। পরদিন ১৩ নভেম্বর ভোর ৫টার দিকে আবারও হামলা চালিয়ে তাঁর দুই প্রবাসী ভাইয়ের ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা ও প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।
এ ছাড়া আবুল হাসেমের একটি মনিহারি দোকানঘর ভাঙচুর করে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগে অভিযুক্ত ১৩ জনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।
মন্তব্য করুন