খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার চাঞ্চল্যকর চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। ঘটনাটি ঘটেছে সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে, যেখানে মূল পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে, আর পালিয়ে গেছে প্রক্সি হিসেবে আসা ব্যক্তি।
জানা যায়,আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান (১৮)-এর পরিবর্তে মোঃ সাজিদ নামে এক ব্যক্তি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। তবে প্রবেশমুহূর্তেই কর্তব্যরতদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মুখে তিনি দ্রুত পালিয়ে যান।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন, তিনি নিজের পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেছিলেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেন। এদিকে, পালিয়ে যাওয়া প্রক্সি পরীক্ষার্থী সাজিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাকে খুঁজে বের করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মন্তব্য করুন