খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে তাঁকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, গত সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনে যোগ দিয়েছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন সময়ে হওয়া কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তাঁর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্তের জন্য তাঁর বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন এসআই আনছার আলী। পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে ওই পুলিশ কর্মকর্তা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী। অভিযোগটি তদন্ত করছেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
মন্তব্য করুন