খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে আয়োজিত এই কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে তারা এক ঘণ্টার ‘কলম বিরতি’ও পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার সহযোগীরা দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক, এখন টিভির প্রতিবেদক হুমায়ুন কবির এবং সাংবাদিক ও শ্রমিক নেতা আহমেদ জীবনসহ অনেকে।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ওমর ফারুক, চ্যানেল ওয়ানের মাহিদুল ইসলাম মাহি, ৭১ টিভির রাইয়ান বিন আমিন, স্টার টিভির আহমেদ সোহান সিরাজী, নাগরিক টিভির রাকিব হাসান, চ্যানেল এস-এর রাজিব মাহমুদ, আশুলিয়ার শাহাদাত হোসেন মানিক, ধামরাইয়ের সিরাজুল ইসলাম, মানবকণ্ঠের ওমর ফারুক, দৈনিক সংগ্রামের শামীম হোসেন, ডেইলি সানের মেহেদী হাসান মানিক, ভোরের ডাকের মো. সাইফুল্লাহ, জনকণ্ঠের আল-মামুন, বাংলা নিউজের রাশেদুল ইসলাম সোহাগ, বিডি২৪ লাইভের শাকিল হাসান এবং গ্লোবাল টিভির শাহীন আলম।
উল্লেখ্য, সম্প্রতি সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। এরই জেরে সোমবার দুপুরে দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে জাকির হোসেন ও তার লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।
মন্তব্য করুন