মো. লুৎফর রহমান , হিলি স্থল বন্দর প্রতিনিধি, দিনাজপুর।
দিনাজপুরের ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঈদকে সামনে রেখে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন উপজেলার নুরপুর এলাকার আলামিন (১৫), মগলিশপুর এলাকার সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির কাইয়ুম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে রাণীগঞ্জ মার্কেট এলাকা থেকে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর থেকে নবাবগঞ্জগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অবস্থায় আলামিন ও সৈকতকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির চালকের সহকারী সাব্বির হোসেন শাওনকে আটক করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন