সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে রায়গঞ্জ থানার আয়োজনে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপির যৌথ উদ্যোগে গৃহীত PREVAIL প্রকল্পের আওতায় এ কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিমসহ অনেকে।
সভায় পুলিশ নারী হেল্পডেস্কের কার্যক্রম, নারী ও শিশুদের জন্য বিদ্যমান সহায়তা ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। পুলিশ নারী হেল্পডেস্কের মাধ্যমে নারী ও শিশুরা সহজে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা পেতে পারেন বলেও সভায় জানানো হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।