খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় চান্দাইকোনাতেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাগ উত্তম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।
বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া অঞ্চল)।
পবিত্র রথযাত্রা উপলক্ষে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম ও দেবী সুভদ্রার শ্রীচরণে গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করা হয়। এ সময় দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত সকলের মাঝে রথযাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
মন্তব্য করুন