খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪নং ঘুড়কা ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরোয়ার দুলাল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় আদর্শ। এই মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
গোলাম সরোয়ার দুলাল বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। তিনি সকলকে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।তিনি দীর্ঘদিন ধরে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়নের জনগণের আস্থা অর্জন করেছেন।
দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক হামলা, হয়রানি ও একাধিক মামলার শিকার হয়েছেন। রাজনৈতিক আদর্শ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছে। এছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ৪নং ঘুড়কা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি সবসময় ঘুড়কা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে চাই। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
শেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
মন্তব্য করুন