খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল ও আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের বর্জ্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হচ্ছে। ফলে সেখানে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা হাসপাতালের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের ঝাড়ুদারদের একাধিকবার গেটের সামনে ময়লা না ফেলার অনুরোধ জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বরং তাদের দাবি, পৌরসভার নির্দেশনা অনুযায়ী সেখানে ময়লা রাখা হচ্ছে। শুধু হাসপাতাল চত্বরই নয়, তাড়াশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাতেও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখার অভিযোগ রয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ হাসপাতালের সামনে এমন পরিস্থিতিকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, “হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগীরা সুস্থ হওয়ার আশায় হাসপাতালে আসে, কিন্তু প্রবেশের সময়ই তাদের দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।”
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন শত শত রোগী ও স্বজন এই পথ ব্যবহার করেন। গেটে প্রবেশের সময় নাক চেপে চলাচল করতে হয়। ময়লার স্তূপে মাছি, মশা ও বিভিন্ন ধরনের রোগজীবাণুর বিস্তার ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ নতুন করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়দের মতে, হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে এভাবে বর্জ্য ফেলে রাখা শুধু পরিবেশ দূষণই নয়, এটি স্বাস্থ্যবিধিরও চরম লঙ্ঘন। তারা দ্রুত ময়লার স্তূপ অপসারণ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন