খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বড় বাজারের ফল ব্যবসায়ী মো. মোতালেব হোসেন বাজারদরের তুলনায় অধিক মূল্যে লিচু বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি ক্রেতাদের কাছ থেকে বেশি দামে লিচু বিক্রির বিষয়টি স্বীকার করেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. সোহেল শেখ সাংবাদিকদের বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় ও মৌসুমি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত মূল্য আদায় কিংবা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
একই অভিযানে শহরের মিরপুর এলাকায় অবস্থিত মীনা আইসক্রিম কারখানায় তল্লাশি চালিয়ে অনুমোদনহীন রং, ফ্লেভার ও সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে আইসক্রিম ও দধি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. সোহানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, শিশুদের জন্য উৎপাদিত খাদ্যপণ্যে অননুমোদিত উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাৎক্ষণিকভাবে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্য এবং জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন