reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুলাই 2026 ইং
৮৩ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষক সংকটে রায়গঞ্জ: ১৮৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২টিই চলছে ভারপ্রাপ্ত দিয়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১২টিতেই বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি, শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ এবং পাঠদানের গুণগত মান ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অবসর, পদোন্নতি, বদলি এবং দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদেরই ভারপ্রাপ্ত হিসেবে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়ায় তারা দ্বৈত দায়িত্বের চাপে পড়ছেন।

সংশ্লিষ্টরা বলছেন, একজন প্রধান শিক্ষক বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষক-কর্মচারীদের তদারকি, শিক্ষার মানোন্নয়ন, সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় এসব কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসছে না।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রদীপ বলেন, “প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা দ্বৈত দায়িত্ব পালন করছেন। এতে পাঠদানের সময় কমে যাচ্ছে এবং শিক্ষার্থীদের শেখার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক বিদ্যালয়ে নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।”

গ্রামপাংগাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না শারমীন নাজমা বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দীর্ঘদিন ধরে অফিসের নথিপত্র, সরকারি চিঠিপত্র, বিভিন্ন সভা-সমন্বয় এবং ক্লাস—সবকিছু একসঙ্গে সামলাচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। একজন স্থায়ী প্রধান শিক্ষক থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হতো।”

স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুজ্জোহা বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি। প্রধান শিক্ষক শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একটি বিদ্যালয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন এই পদ শূন্য থাকলে বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার মান—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, “প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের। অবসর, পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময় বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১১২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হলে শূন্য পদগুলো পূরণ হবে এবং বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসবে।”

অভিভাবক ও সচেতন মহলের দাবি, প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি। তাদের মতে, স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা বাড়বে, শিক্ষকদের কাজের চাপ কমবে এবং শিক্ষার্থীরা আরও মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০