খবর ২৪ ঘন্টা , ডেস্ক
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিমুর বাবা দিনমজুর রিপন শেখের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ব্যক্তিগত উদ্যোগে আরও ৬ হাজার ২০০ টাকা অনুদান দেন। সব মিলিয়ে রিমুর চিকিৎসার জন্য ২৬ হাজার ২০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছে রিমু। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সে ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তার বাম চোখ অস্বাভাবিকভাবে ফুলে বাইরে বেরিয়ে এসেছে এবং শ্বাস-প্রশ্বাসেও জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় ব্যয় বহন করা দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজসেবা অধিদপ্তরের অন্যতম দায়িত্ব। রিমুর অসুস্থতার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি নীতিমালার আওতায় সহযোগিতার সুযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী রিমুর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। তবে রিমুর উন্নত চিকিৎসার জন্য আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক সংগঠন, প্রবাসী এবং সহৃদয় মানুষকে শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
রিমুর পরিবারের ভাষ্য, ২৬ হাজার ২০০ টাকার এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি হলেও উন্নত চিকিৎসার ব্যয়ের তুলনায় তা এখনও অপ্রতুল। চিকিৎসা অব্যাহত রাখতে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন রয়েছে।
রিমুর বাবা রিপন শেখ বলেন, “আমার মেয়েকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চাই। আপনাদের সামান্য সহায়তাই আমার মেয়ের চিকিৎসার পথ সহজ করে দিতে পারে।”
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ:
রিপন শেখ (রিমুর বাবা)
মোবাইল: ০১৭৯২-২৪৭৬৮৬।
মন্তব্য করুন