খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার মা-ছেলেসহ দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একই দিকে চলাচলকারী একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে শনাক্ত ও জব্দ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন