খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এনায়েতপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানায় পুলিশ।
সাংবাদিক সম্মেলনে সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম এবং এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদ হোসেন জানান, নিখোঁজের ঘটনায় এর আগে আব্দুল্লাহর বাবা শামীম হোসেন বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। দুই শিশুকে উদ্ধারের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে।
উদ্ধার হওয়া দুই শিশু হলো— এনায়েতপুরের খুকনী উত্তরপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ (১১) এবং বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আফসার আলী (১১)।
পুলিশ জানায়, গত ১১ জুন কৌতূহলবশত দুই বন্ধু মিলে বাড়ি থেকে মাত্র ৫০ টাকা নিয়ে বের হয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে চড়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছে সেখানে তিন দিন অবস্থান করে।
পরবর্তীতে তারা হবিগঞ্জের হরেশপুর রেলস্টেশনের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রায় ৩০ দিন কাজ ও অবস্থান করে। পরে আফসার আলী নিজ বাড়িতে ফিরে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এনায়েতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি অপহরণের ঘটনা নয়; বরং কৌতূহলবশত বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাই তাদের দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণ। উদ্ধার হওয়া দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন