খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন, র্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘে শহীদ নজরুল ইসলাম এবং চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাইয়ে শহীদ লেবু শেখের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।
পরে রায়গঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, জুলাই যোদ্ধা মো. ইসমাইল হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই আন্দোলনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন