খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) উপজেলার মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার এবং মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তৌহিদুর রহমান।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছের চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না; চারাগুলো সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর মতো তরুণদের এমন উদ্যোগ ও সহযোগিতা প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চারা হাতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন। এ সময় সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন