খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পূর্বের বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মন্তব্য করুন