খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম তালুকদার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চান্দাইকোনা শেখপাড়ার আকরাম হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রচণ্ড গরমে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সে আর ফিরে আসেনি। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে সিয়ামের সঙ্গে গোসল করা শিশুদের তথ্যের ভিত্তিতে বিকেলে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করলে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন