খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল।
সমাবেশে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডল, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ শাহীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান এবং সলঙ্গা থানা মৎস্যজীবী দলের সভাপতি আহসান হাবিব।
বক্তারা তাদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় ঘুড়কা ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন