খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় একটি খালের কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তিনি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় খালের কচুরিপানার ভেতর একটি লাশ দেখতে পান। বিষয়টি তারা পুলিশকে জানালে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি মিলন মিয়ার বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, উদ্ধারের সময় মিলন মিয়ার পরনে টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল। তার শরীরে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন মিলন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শাহ আলম বলেন, “খালের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।
মন্তব্য করুন