খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব-১২-এর কাছে খবর আসে, কয়েকজন ব্যক্তি রাজশাহী থেকে ট্রাকযোগে হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
খবর পেয়ে র্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মন্তব্য করুন