খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি তার বাবাকে খাবার খাওয়ার জন্য ডাকতে বাড়ি থেকে বের হয়। পথে তিননন্দিনা মৌজার মন্টু মাস্টারের পুকুরের উত্তর পাড়ে পৌঁছালে অভিযুক্ত মো. ফজলুল হক (৪৫) শিশুটিকে ডেকে কাছে নেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ফজলুল হক শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক বলাৎকার করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে অভিযুক্ত তাকে ছেড়ে দিলে সে দ্রুত বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়।
পরে পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তাঁদের পরামর্শে শিশুটির বাবা সলঙ্গা থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
বাদী মো. আশরাফ আলী বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকার একজন বখাটে ও খারাপ প্রকৃতির লোক। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত মো. ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন