খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ভূমি অফিসে গড়ে তোলা হয়েছে বাহারি ফুলের বাগান। অফিসের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে রং-বেরঙের নানা ফুলের সমারোহ। ফুলের সৌন্দর্য ও সবুজের সমন্বয়ে বদলে গেছে উপজেলা ভূমি অফিসের পরিবেশ। সেবা নিতে আসা সাধারণ মানুষও উপভোগ করছেন মনোরম এই পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্থানে ডালিম, গোলাপ, কাট গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, চামেলি, টগর ও রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। ছোট-বড় এসব গাছের পরিচর্যায় অফিস চত্বরটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন।
ভূমি অফিসে সেবা নিতে আসা দিলারা বলেন, ‘নেত্রকোনা সদরসহ অনেক উপজেলা ভূমি অফিসে গিয়েছি। কিন্তু এ ধরনের উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। বারহাট্টা ভূমি অফিসকে ফুলের বাগানে সাজানোর উদ্যোগটি প্রশংসনীয়।’
আরেক সেবা প্রার্থী আনিসুর রহমান বলেন, ‘বর্তমান এসিল্যান্ড স্যার একজন সৎ মানুষ। তিনি যেভাবে অফিসের ভেতরে ফুলের বাগান করেছেন, তা দেখলে মন ভালো হয়ে যায়। গাছগুলো আরও বড় হলে পরিবেশটা আরও সুন্দর হবে।’
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, অফিসের সৌন্দর্যবর্ধন ও মনোরম পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। নিয়মিত এসব গাছের পরিচর্যাও করা হচ্ছে।
বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, ‘গতানুগতিকতার বাইরে গিয়ে ভূমি অফিসের মূল ফটক থেকে শুরু করে পুরো অফিস চত্বরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে অফিসটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আমি হয়তো এখানে থাকব না, কিন্তু এই সৌন্দর্য মানুষের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।’
মন্তব্য করুন