খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকি ও বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোবিন্দপুর বাজারে সড়কের ওপর ইট-সুরকি রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। এসব মামলায় তাদের মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ফুটপাতের বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের পর বারহাট্টার এলপিজি ডিস্ট্রিবিউটর মেসার্স বিশাল এন্টারপ্রাইজের গোডাউনও মনিটর করা হয়। এ সময় কোনো চালান না থাকায় গোডাউনে শুধু ফাঁকা সিলিন্ডার পাওয়া যায়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম বলেন, সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন