খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রবিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেতুর কাছে রাস্তার পাশে তিনটি প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া। পরে তিনি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান।
পরদিন সোমবার বিকেলে স্থানীয় এক শিক্ষিত ব্যক্তিকে দেখালে তিনি নিশ্চিত করেন, এগুলো এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার খাতা। পরে তার পরামর্শে রাহিম মিয়া থানার সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকালে খাতাগুলো অক্ষত অবস্থায় জমা দেন।
রাহিম মিয়া বলেন, “রাস্তার পাশে প্যাকেট দেখে সন্দেহ হওয়ায় বাড়িতে নিয়ে আসি। পরে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তাই কোনো ঝুঁকি না নিয়ে থানায় জমা দিয়েছি।”
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান মাসুদ জানান, উদ্ধারকৃত খাতাগুলো পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তিনটি সিলগালা প্যাকেটে ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল। এসব খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাতাগুলো পোস্ট অফিসের মাধ্যমে ভৈরব পোস্ট অফিসে নেওয়ার পথে ডাক পিয়নের ভ্যানগাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, “খবর পেয়ে থানায় গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। পরবর্তীতে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।”
মন্তব্য করুন