খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তামাই ও সমেশপুর বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে সমেশপুর বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জীবন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আল্লার দান এন্টারপ্রাইজের মালিক মো. ইউনুস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দুপুর আড়াইটার দিকে উপজেলার তামাই এলাকায় কার্নেল বেকারিতে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেলকুচির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানে বেকারি পণ্যের মোড়কে যথাযথভাবে লেবেল ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্নেল বেকারির মালিক মো. এনামুল কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন