খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এসব সামগ্রী ও সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক। এতে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী, বিশেষ করে ফুটবল, সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের বিষয়ে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে অসহায় নারীরা ঘরে বসেই আয়-রোজগার করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।
সংসদ সদস্য আরও বলেন, সরকারি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন