খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। একপর্যায়ে মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের সূত্রপাতের বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, “বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।”
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “প্রাথমিকভাবে বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন