খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনে খোলা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল লতিফ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রামপাল উপজেলার মানিকনগর এলাকার আবুল কালাম শেখের ছেলে মো. হালিম শেখ (৩৫), মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনি (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত সৈয়দ সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৬) এবং পূর্ব শেহলাবুনিয়া (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মো. নাজির শেখের ছেলে মো. রাসেল শেখ (৩২)।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে মোংলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন