খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তাকে একটি লাল গোলাপ উপহার দেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের সালাম জানান। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা কাছে এলে তিনি তাদের সঙ্গে কোলাকুলি করেন। প্রধানমন্ত্রীও পরে নতুন রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন।
এ সময় সংসদের অন্যান্য সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে তাকে অভিনন্দন জানান। পরে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গেও করমর্দন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সালাম জানান।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা ২ মিনিটে। গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন