খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউসি ইউনিয়নের বাউসি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাউসি বাজারে লাইসেন্সবিহীনভাবে পশুখাদ্য বিক্রি করে আসছিলেন মো. ফয়সাল (২৩), মো. খাইরুল (৪৫), মো. সুমন খান (৩২) ও আব্দুল খালেক (৭০)। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী চার ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান বলেন, বারহাট্টার বিভিন্ন হাট-বাজারে লাইসেন্সবিহীন অনেক ফার্মেসি ও পশুখাদ্যের দোকান গড়ে উঠেছে। এসব দোকানে ক্ষতিকর পশুখাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন