খবর ২৪ ঘন্টা , ডেস্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় এক ব্যক্তি ও তাঁর মেয়েকে আটক করেছে পুলিশ। শনিবার (দুপুর ২টা) এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ এলাকার চিতলিয়া গ্রামের বাসিন্দা লাভলু হোসেন (৪৫) এবং তাঁর মেয়ে বৃষ্টি খাতুন (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মুন্সিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. হুমায়ন কবিরের বসতবাড়ির সামনে সাতটি ছাগল ঘাস খাচ্ছিল। এ সময় বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে ছাগলগুলো নিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর মেয়ে।পরে তারা মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ছাগলগুলোর বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য দিতে না পারায় স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতটি ছাগলসহ বাবা-মেয়েকে নিজেদের হেফাজতে নেয়।মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতটি ছাগলসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন