খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক 'হাইটেক সিটি পার্ক' রেলস্টেশনটি এখন রেলের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। উন্নত বিশ্বের আদলে নির্মিত এই স্টেশনে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সারাদিনে মাত্র একটি ট্রেন থামে। পর্যাপ্ত যাত্রী থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি এখন কার্যত পরিত্যক্ত, যেখানে বিলাসবহুল বিশ্রামাগার ও সিগন্যাল কক্ষে রেলকর্মীরা বসবাস করছেন।
২০১৯ সালে উদ্বোধনের সময় লক্ষ্য ছিল প্রতিদিন গাজীপুর, টঙ্গী, সাভার ও উত্তরবঙ্গের অন্তত ১০-১৫ হাজার যাত্রী পরিবহন করা। কিন্তু বর্তমানে স্টেশনটিতে মাত্র একটি ট্রেনের বিরতি এবং মাত্র ২২টি টিকিট বরাদ্দ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আধুনিক এই স্থাপনা এখন কেবল বিকেলে ঘোরার জায়গা বা টিকটক ভিডিও বানানোর স্পটে পরিণত হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ (অপারেশন) সূত্রে জানা গেছে, অবকাঠামোগত কিছু ত্রুটির কারণে এখানে সব ট্রেন থামানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে প্ল্যাটফর্ম সংলগ্ন একটি লেভেল ক্রসিং গেট এবং কাছাকাছি একটি ছোট ব্রিজ থাকায় ট্রেনের জন্য প্রয়োজনীয় 'ক্লিয়ারিং স্ট্যান্ডিং লেংথ' পাওয়া যাচ্ছে না। মাসিক ৫ থেকে ৭ লাখ টাকা পরিচালনা ব্যয় হলেও স্টেশনটি থেকে কোনো আয় হচ্ছে না।
যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় হিসেবে দেখছেন। তিনি বলেন, "বিপুল অর্থ ঋণের বিপরীতে যখন এমন অপরিকল্পিত প্রকল্প নেওয়া হয়, তখন রেলওয়ে আরও আর্থিক ক্ষতির মুখে পড়ে।" গত ১২ বছরে দেশে শতাধিক লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ হয়ে যাওয়ার মাঝে এমন বিলাসবহুল কিন্তু অব্যবহৃত স্টেশন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন