খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে সাটুরিয়া উপজেলার তিল্লি বিলপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার তিল্লী গ্রামের আলম, সোনা মিয়া ও কালু মিয়া। তাদের সবার বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে তিনজন কিশোর আরোহী ছিল।
সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই কিশোর সোনা মিয়া ও কালু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন